‘বাংলাদেশের করগাথা: আজম খানের উত্তরাধিকার‘ ‘History of Bangladesh Rock: The Legacy of Azam Khan’ বই #প্রথম_সংস্করণের_ভূমিকাঃ
৫ই জুন, ২০১১ সালে আজম খানের মৃত্যু আমাকে প্রচন্ড শোকাহত, বিষণ্ণ ও পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছিল। তাঁর ক্ষয়িষ্ণু স্বাস্থ্য, ক্যান্সারের তীব্রতা ও শেষ দিনগুলোতে বাঁচার তাগিদে তাঁর সংগ্রাম নিয়ে ধারাবাহিক মিডিয়া প্রতিবেদনগুলো আমি সহজে নিতে পারছিলাম না। তবুও আমাদের এক মৃতপ্রায় আজম খান ছিলেন, যিঁনি ছিলেন দৃঢ়চেতা, অত্যন্ত সাহসী এবং বাংলাদেশের এমন সম্পদ যার কোনো তুলনা হতে পারে না। তাঁর জীবন তো এত সহজে অগ্রন্থিত থেকে যেতে পারে না, অন্তত আমার মত কেউ যতদিন বেঁচে আছে ততদিন তো নয়-ই। আমি যতদিন বেঁচে থাকবো তাঁর সাথে আমার স্মৃতিগুলো কখনোই ভোলা সম্ভব নয়।
আমি তাঁর খুব কাছের ছিলাম- যেভাবে কোনো বড় ভাই ছোট ভাইকে আগলে রাখে, তিঁনি আমাকে সেভাবেই রাখতেন। তিঁনি ছিলেন মজার মানুষ, স্নেহময়, দারুণ বন্ধুত্বপূর্ণ এবং উল্টো দিকে যাদের তিঁনি ভালবাসেন সেই প্রিয় মানুষদের সাথে অত্যন্ত কঠোর। আমি সেই অনেকের মধ্যে একজন যাকে তিঁনি ভালোবাসতেন এবং প্রকাশ্যে বহুবার তার উল্লেখও করেছিলেন। তবুও এই বইতে এমন কিছু ঘটনা উল্লেখ করা আছে যা পাঠকদের একটি স্পষ্ট ধারণা দেবে যে কেন আমি তাঁকে নিয়ে কেবল বিস্মিতই না, আমি কেনো তাঁকে ভয়ংকর ভয়ও পেতাম।
আজম খান আমার কাছে larger than life ছিলেন। কেনো হবেন না? আসুন আমরা তাঁকে ১৯৭১ সালে মুক্তিবাহিনীর ২১ বছর বয়েসী একজন গেরিলা যোদ্ধা এবং পাকিস্তানী দখলদারদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে তাঁর বীরত্বপূর্ণ লড়াইয়ের কথা ভাবি। সাথে অবশিষ্ট জীবন #রক_আইকন হিসাবে তাঁর জীবনযাপনের মূল ভূমিকাটি যোগ করুন। আমি মনে করি না যে বাংলাদেশে অন্য কারও এমন অনবদ্য অবদান ছিল বা আছে। আজম খান আমার প্রজন্মের কাছে (যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছে) ছিলেন স্বাধীনতার প্রতীক স্বরূপ- একজন অদম্য স্বতন্ত্র স্বত্ত্বা যিঁনি তাঁর আশপাশের মানুষদের কাছ থেকে কেবল তার সেরাটাই প্রত্যাশা করতেন। এবং হ্যাঁ, তিঁনি আমার ইংরেজি ভাষার দক্ষতাকে অত্যন্ত পছন্দ ও প্রশংসা করতেন !
ফলে তাঁর মৃত্যুর পর আমি তাঁর সম্পর্কে আমার চিন্তাভাবনাগুলো লিপিবদ্ধ করতে উদগ্রীব হয়ে উঠি। এটি শেষ করতে আমার প্রায় এক মাস পরিশ্রম করতে হয়েছিল। লেখাগুলো দৈনিক 'নিউ এজ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল ও অনেক পাঠকের প্রশংসা পেয়েছিল। লেখাগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য আমি আমার academia.edu সাইটে সম্পূর্ণ সিরিজটি আপলোড করেছি এবং বিশ্বব্যাপী পাঠক ও শ্রোতাদের প্রতিক্রিয়া দেখে একইসাথে আনন্দিত ও বিস্মিত হয়েছি।
তারপরে অনেকেই এটিকে বাংলায় অনুবাদ করার জন্যে বিচ্ছিন্নভাবে অনুরোধ জানাতে থাকেন। আমার বাংলায় লেখার দক্ষতা ডিসলেক্সিয়া দ্বারা বিখ্যাতভাবে সীমাবদ্ধ, আমার চিন্তাগুলোকে আমার মাতৃভাষায় সংগঠিত করতে অস্বাভাবিক দীর্ঘ সময় প্রয়োজন হয়।
উদাহরণস্বরূপ, ইংরেজিতে ২৫০০ শব্দের একটি প্রবন্ধ লিখতে আমার সর্বোচ্চ দুই দিন সময় লাগে। কেউ যদি আমাকে একই জিনিস বাংলায় করতে বলে, তবে তাতে আমার এক মাস সময় লাগতে পারে- কিংবা এমনও হতে পারে লেখাটি আর কখনো শেষই হবে না। আজম খানকে নিয়ে কাজটির কপালে এমন 'গুরুতর ভাগ্য' জুটুক, তা আমি চাইনি। এটি কোনো না কোনোভাবে অনূদিত হওয়া প্রয়োজন ছিল।
সমস্যাটা হলো, নিজের হাতে কাজটি করার মত সময় ও ধৈর্য কোনোটাই আমার ছিল না- ফলে আমি আমার আশপাশে উৎসুক হয়ে এ কাজের উপযুক্ত লোক খুঁজে বেড়াচ্ছিলাম।
এ এক হতাশাজনক অপেক্ষা যেখানে একজন দক্ষ অনুবাদকের জন্যে আমার সন্ধান মোটামুটি সাত বছরের মত অব্যাহত ছিল। এমতাবস্থায় একপ্রকার দুর্ঘটনাক্রমে আমি রক অনুরাগী, কবি ও বাংলা পারদর্শী ডঃ তানভীর আহমেদের সন্ধান পেয়ে যাই, যিনি তার অনুবাদের দক্ষতা দিয়ে আমাকে মুগ্ধ করেন। রক সংগীত সম্পর্কে তাঁর স্পষ্ট উপলব্ধি এবং জ্ঞান আমার জন্যে আশীর্বাদ হিসাবে এসেছে। তানভীর বইটিকে মলাটবদ্ধ করার জন্যে প্রকাশক বুকিশ এর সাথে যোগাযোগের সকল আয়োজনও করেছিলেন। সোহাগ এবং শোয়েব মিলিতভাবে তাদের আন্তরিক পরিশ্রম ও সহযোগিতা করেছেন যাতে বইটি এর সঠিক পাঠকদের হাতে পৌঁছে- যারা এরকম একটি বইয়ের জন্যে হয়ত অপেক্ষা করে ছিলেন !
কাজেই, ঘটনার ফলাফল হিসেবে আজম খানের উপর একটি দ্বিভাষিক বই এখন আপনার হাতে রয়েছে এবং আশা করি এটি পড়তে আপনার ভাল লাগবে।
'রক' বাংলাদেশের একটি বিপ্লবী সংগীত ধারা এবং এই বইটি তাদের জন্যে যারা এ ধারাটিকে 'বিপ্লব' হিসেবে বিবেচনা করেন, চিন্তা-চেতনা, বাক ও কর্মের স্বাধীনতায় বিশ্বাস করেন- এবং গুরুত্বপূর্ণভাবে আমরা যে যা হতে চাই তার স্বাধীনতায় বিশ্বাস রাখেন- সেই 'স্বাধীনতা' যার জন্যে আজম খান তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।
মাকসুদুল হক a.k.a. ম্যাক হক
পল্লবী, মিরপুর
২৬শে জানুয়ারি, ২০২০
অনুলিখনি : ইশতিয়াক ইসলাম খান





